Thursday 19 November







টার্গেট পয়েন্ট (আর )স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

2025-01-25 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ,মিশন সংবাদ | Kaliachak Sangbad | Views : 980


নিজস্ব প্রতিবেদক, সাহাবাজপুর: পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। খেলাধুলা ছাড়া ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিকাশ অসম্ভব বলে মনে করা হয়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাও খুবই জরুরী। মালদার সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান টার্গেট পয়েন্ট আর স্কুলের উদ্যোগে দুদিনব্যাপী ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। প্রথমদিনে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলাধুলা ও দ্বিতীয়দিনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এদিনের টার্গেট পয়েন্ট আর স্কুলের তম বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন, কলকাতা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা সুজাপুর বিধানসভার বিধায়ক আব্দুল গনি। এছাড়াও টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক উজির হোসেন, স্কুলের অন্যতম কর্ণধার কুরবান শেখ, মুকুল হক ছাড়াও স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং স্কুলের ছাত্রছাত্রীরা। খেলাধুলার পাশাপাশি একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান তথা কবিতা আবৃত্তি, গানের তালে নৃত্য, দেশাত্মবোধক সংগীত, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও ছাত্র-ছাত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। এছাড়াও খেলাধুলাতেও বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টার্গেট পয়েন্টের ছাত্রছাত্রীরা।



প্রয়াত হলেন মালদার কোতুয়ালি ভবনের সদস্য প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী ওরফে লেবুবাবু।

মালদা: প্রয়াত হলেন মালদার কোতুয়ালি ভবনের সদস্য প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী ওরফে লেবুবাবু। তিনি মালদার রূপকার এ বি এ গনি খান চৌধুরীর ভাই।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ তাঁর মৃত্যু সংবাদ মালদার কোতুয়ালি ভবনে পৌঁছতেই নেমে আসে গভীর শোকের ছায়া। শোকে মুহ্যমান হয়ে পড়েন গোটা পরিবারবর্গ। তবে শুধু পরিবার নয়, লেবুবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন কোতুয়ালি ভবনে তাঁর দেখভালের দায়িত্বে থাকা পরিচারিকা মল্লিকা দাসও। তিনি জানান, সাহেব খুব ভালো মানুষ ছিলেন। দানধ্যান করতেন। বিপদে আপদে মানুষের পাশে থাকতেন। তাদের খুব ভালো বাসতেন। সময়ে-অসময়ে সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু সেই সাহেব এখন আর নেই। তিনি প্রয়াত হয়েছেন। এজন্য তারা ভীষণ শোকাহত

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে এবার সরাসরি ময়দানে নামল রাজ্য সরকার।

পুরাতন মালদা- রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে এবার সরাসরি ময়দানে নামল রাজ্য সরকার। রেশন উপভোক্তারা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সামগ্রী পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে বুধবার মালদায় আচমকা পরিদর্শনে এলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।বুধবার সকালে জেলা খাদ্য দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের খেজুরিয়া আদিবাসী অধ্যুষিত গ্রামে পৌঁছান তিনি। সেখানে গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন মন্ত্রী। রেশন দোকান থেকে সরবরাহ করা চালের গুণগত মান, পরিমাণ এবং রেশন কার্ডের শ্রেণি অনুযায়ী নির্ধারিত খাদ্যসামগ্রী মিলছে কি না, তা জানতে চান। পাশাপাশি পুজোর মরশুমে রাজ্য সরকারের উদ্যোগে অর্ধেক দামে দেওয়া চিনি, সুজি ও ময়দা উপভোক্তারা ঠিকমতো পাচ্ছেন কি না, সেই বিষয়েও খোঁজ নেন। পরিদর্শন চলাকালীন সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি খাদ্য দপ্তরের আধিকারিকদেরও প্রয়োজনীয় নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রেশন ব্যবস্থায় কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতির সঙ্গে কেউ যুক্ত থাকলে তাঁকে কোনওভাবেই রেয়াত করা হবে না।অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপও করা হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

শিখদের নবম গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগ, বীরত্ব ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে মালদায় পালিত হল তাঁর ৩৫০তম বলিদান দিবস।

মালদা : শিখদের নবম গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগ, বীরত্ব ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে মালদায় পালিত হল তাঁর ৩৫০তম বলিদান দিবস। বুধবার সকালে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে মালদার বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।জানা গিয়েছে, দেশজুড়ে মোট ২২০টি বিদ্যালয়ে এই দিবস পালন করা হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ২৪টি এবং মালদা জেলার দুটি বিদ্যালয় রয়েছে। মালদার বিদ্যালয় দুটির মধ্যে রয়েছে পঞ্চানন্দপুর হাইস্কুল ও বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয়। এদিন রাষ্ট্রগীত ও বন্দেমাতরম পরিবেশন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি, জেলাশাসক রাজনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ নন্দী, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বিষ্ণুপদ রায়, মালদা গুরুদুয়ারার সাধারণ সম্পাদক গুরমিত সিং এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ ঝা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা গুরু তেগ বাহাদুরের জীবনসংগ্রাম, ধর্মীয় স্বাধীনতা রক্ষায় তাঁর অবদান এবং আত্মত্যাগের ইতিহাস পড়ুয়াদের সামনে তুলে ধরেন। তাঁর আদর্শ ও সাহসিকতার কথা স্মরণ করে দেশপ্রেম, মানবতা ও আত্মত্যাগের শিক্ষায় অনুপ্রাণিত হওয়ার বার্তা দেন তাঁরা। পাশাপাশি ছাত্রীদের নিয়ে কুইজ ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

১০ দফা দাবি নিয়ে মগরাহাট পূর্বের বিডিও অফিসে কংগ্রেসের ডেপুটেশন, প্রতিবাদ সভায় প্রাক্তন সাংসদ মনোরঞ্জন হালদার; শুভেন্দু অধিকারীকে ‘চোর-ধাপ্পাবাজ’ বলে তীব্র আক্রমণ সৌম্য আইচ রায়ের

বাইজিদ মন্ডল মগরাহাট দক্ষিণ ২৪ পরগনা:- স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থে ১০ দফা দাবি নিয়ে মগরাহাট পূর্ব ব্লকে সরব হল কংগ্রেস। মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩টায় মগরাহাট (পূর্ব) ব্লক কংগ্রেস-২-এর উদ্যোগে বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি এবং অফিসের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও সাংসদ অধ্যাপক মনোরঞ্জন হালদার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান মুখপাত্র সৌম্য আইচ রায় এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সুজিত পাটেয়ারী। কংগ্রেসের পক্ষ থেকে মোট ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে আবাস যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (PHE) মাধ্যমে পানীয় জল সরবরাহ, খাল সংস্কার, গোকর্ণী ও মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন, পাড়া সমাধান প্রকল্প, রাস্তা মেরামত, পথশ্রী প্রকল্প, রাধানগরপুল নির্মাণ এবং বিভিন্ন ভাতা সংক্রান্ত দাবি। এছাড়াও বিডিও অফিসের সামনে কংগ্রেসের আয়োজিত প্রতিবাদ সভায় রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। সভায় প্রদেশ কংগ্রেসের প্রধান মুখপাত্র সৌম্য আইচ রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ‘চোর’ ও ‘ধাপ্পাবাজ’ বলে কটাক্ষ করেন। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, ‘‘তৃণমূলকে যেভাবে বাংলা ছাড়া করেছি, ২০২৯ সালের আগেই বিজেপিকেও বাংলা ছাড়া করব।’’ তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্ব ব্লক কংগ্রেস সভাপতি খয়রুল হক লস্কর, আরিফুল সেখ, মিহির হাজরা, আক্তার সেখ, ইউসুফ খান-সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। স্থানীয় মানুষের দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন এবং বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত দাবিকে সামনে রেখেই এই ডেপুটেশন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ১০ দফা দাবির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই ছিল কংগ্রেস নেতৃত্বের মূল উদ্দেশ্য।

শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বাড়ির সামনের রাস্তার পাশ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, ছাদ থেকে পড়ে মৃত্যু নাকি খুন, মালদায় যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বাড়ির সামনের রাস্তার পাশ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, ছাদ থেকে পড়ে মৃত্যু নাকি খুন, মালদায় যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য মালদা: শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। সোমবার রাত প্রায় ১১টা নাগাদ ইংরেজবাজারের রায়পুর এলাকায় শ্বশুরবাড়ির পাশের রাস্তা থেকে উদ্ধার হয় পিন্টু মণ্ডল (৩১) নামে ওই যুবকের দেহ। তাঁর বাড়ি যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায়। পেশায় রংমিস্ত্রি পিন্টুর মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রাথমিকভাবে শ্বশুরবাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা পরিবারের। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পিন্টুর স্ত্রী সন্ধ্যা মণ্ডল (২৭) বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তাঁদের ছয় বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। স্বামীর এমন আকস্মিক মৃত্যুতে কার্যত দিশেহারা পরিবার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ফের এনআইএর তলব সুজাপুরের বিধায়িকা সাবিনা ইয়াসমিনকে।

মালদা:ফের এনআইএর তলব সুজাপুরের বিধায়িকা সাবিনা ইয়াসমিনকে। সাথে ডাকা হয়েছে তার স্বামীকেও।নির্বাচন পূর্ববর্তী সময়ে এসআইআর আন্দোলন নিয়ে উত্তপ্ত হয়েছিল কালিয়াচক।দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরধ থেকে বিচারকের গাড়িতে হামলা।সেই ঘটনায় তদন্ত করছে এনআইএ।সেই নিয়েই সাবিনা কে ডাকা হয়েছে বলে জানা গেছে। আগামী সোমবার কলকাতায় এনআইএ দপ্তরের হাজিরার জন্য ডাকা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে।যদিও এই ঘটনায় সাবিনার অভিযোগ এটি সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। মানুষ নিজের গণতান্ত্রিক দাবিতে রাস্তায় নেমেছিল। কোন ঝামেলার সঙ্গে তার কোন যোগাযোগ নেই। তাই বারবার ডাকার কোন মানে হয় না। সাবিনার দাবি তৃণমূলের প্রতিকি লড়াইয়ে সুপ্রিম কোর্টে যে এফিড ওফিড জমা পড়ছে তাতে গণতান্ত্রিক তৃণমূল হয়ে তিনি স্বাক্ষর না করাতে এই চক্রান্তের শিকার হতে হচ্ছে।

মালদহ জেলার সর্ববৃহৎ মেধা অন্বেষণ পরীক্ষা ‘লিমরা ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২৬ অংশ নিল প্রায় ২৫০০ পড়ুয়া

মালদহ জেলার সর্ববৃহৎ মেধা অন্বেষণ পরীক্ষা ‘লিমরা ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২৬ অংশ নিল প্রায় ২৫০০ পড়ুয়া নিজস্ব সংবাদদাতা, কালিয়াচক: শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিভার বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘লিমরা ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২৬’ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হল। প্রায় ২৫০০ পড়ুয়ার অংশগ্রহণে এবারের পরীক্ষা মালদহ জেলার অন্যতম বৃহৎ মেধা অন্বেষণমূলক পরীক্ষার স্বীকৃতি অর্জন করেছে। আয়োজকদের দাবি, এটি মালদহ জেলার সর্ববৃহৎ মেধা অন্বেষণ পরীক্ষা। এবছর মোট ছয়টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়। কেন্দ্রগুলি হল নয়মৌজা সুভানিয়া হাই মাদ্রাসা, নয়মৌজা হাই স্কুল, আব্বাসগঞ্জ হাই মাদ্রাসা, জিবিএস হাই মাদ্রাসা, হাজী ওমর আলী হাই স্কুল এবং দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসা। প্রতিটি কেন্দ্রেই নির্ধারিত নিয়ম মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাঁদের দাবি, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এই বিপুল অংশগ্রহণ থেকেই স্পষ্ট, লিমরা ট্যালেন্ট সার্চ এক্সামের প্রতি পড়ুয়া ও অভিভাবকদের আগ্রহ এবং আস্থা ক্রমশ বাড়ছে। আয়োজকদের মতে, এই পরীক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষার্থীদের মেধা যাচাই নয়, বরং তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা। আগামী দিনে এই উদ্যোগকে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই মালদহ জেলার বিভিন্ন প্রান্তে আরও বেশি সংখ্যক পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে এই পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সব মিলিয়ে, প্রায় ২৫০০ পড়ুয়ার অংশগ্রহণ, ছয়টি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা এবং অভিভাবকদের ব্যাপক উপস্থিতি সবকিছু মিলিয়ে ‘লিমরা ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২৬’ মালদহ জেলার শিক্ষাক্ষেত্রে এক উল্লেখযোগ্য মেধা অন্বেষণমূলক উদ্যোগ হিসেবে নজর কাড়ল।

সুর, কবিতা ও সাহিত্যের মেলবন্ধনে এক স্মরণীয় সন্ধ্যা, সাহিত্যসভায় বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রাণবন্ত সাংস্কৃতিক আসর

বাইজিদ মণ্ডল,দক্ষিন চব্বিশ পরগনা:- আন্তর্জাতিক শিশু দিবসকে সামনে রেখে সাহিত্যিক জাহানারা রহমানের বাসভবনে আয়োজিত হলো এক মনোজ্ঞ সাহিত্যসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা, সংগীত ও সাহিত্যের অপূর্ব মেলবন্ধনে সন্ধ্যাটি হয়ে উঠেছিল অত্যন্ত প্রাণবন্ত ও স্মরণীয়। ব্যস্ত জীবনের নানা কর্মব্যস্ততা ও ক্লান্তি ভুলে সাহিত্য-সংস্কৃতিপ্রেমী মানুষের এই আন্তরিক মিলনমেলা এক অন্য মাত্রা এনে দেয়। সাহিত্যচর্চা, কবিতার আবৃত্তি, সংগীত পরিবেশন এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে তৈরি হয় এক মনোরম সাংস্কৃতিক আবহ। উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জামালউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাহিত্যসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি কৃষ্ণা গুহ, কবি করবী দে, সাহিত্যিক আবু তাহের, সাহিত্যিক আবুল বাশার হালদার, সাহিত্যিক, নাট্যব্যক্তিত্ব ও সংগীতশিল্পী অমলেন্দু বিকাশ দাস, সাহিত্যিক তথা সংগীতশিল্পী সুনীতি পোদ্দার, রিতা মণ্ডল, কবি গোপাল রায়, কবি বেবী দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ১৪ নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবসকে সামনে রেখে অনুষ্ঠানে কবিতা পাঠ ও সংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত শিল্পী ও সাহিত্যিকরা সন্ধ্যাকে আরও আকর্ষণীয় করে তোলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিল্পী রিতা মণ্ডলের অংশগ্রহণ অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। কবিতা ও সুরের মূর্ছনায় উপস্থিত দর্শক-শ্রোতারা উপভোগ করেন এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এই সাহিত্যসভার অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার হালদার রচিত গ্রন্থ ‘গাংচিল’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। সাহিত্যিক জাহানারা রহমান, শেখ জামালউদ্দীন এবং সাপ্তাহিক ‘ফুটপাথ’ ও দৈনিক ‘সবার খবর’ পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্যের উপস্থিতিতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। সব মিলিয়ে সাহিত্য, কবিতা ও সংগীতের এমন সুন্দর আয়োজন শুধু একটি সন্ধ্যাকে স্মরণীয় করে তোলেনি, বরং সাহিত্য-সংস্কৃতির চর্চা এবং সাহিত্যপ্রেমী মানুষদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করার এক আন্তরিক প্রয়াস হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করেছে।

মালদহের জেলাশাসকের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগ পত্র চিকিৎসক সংগঠনের। জেলাশাসকের নির্দেশিকায় ক্ষোভ।মেডিকেল কলেজে অগণতান্ত্রিক হস্তক্ষেপের অভিযোগ জেলাশাসকের বিরুদ্ধে। মন্তব্যে নারাজ ডিএম।

মালদহের জেলাশাসকের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগ পত্র চিকিৎসক সংগঠনের। জেলাশাসকের নির্দেশিকায় ক্ষোভ।মেডিকেল কলেজে অগণতান্ত্রিক হস্তক্ষেপের অভিযোগ জেলাশাসকের বিরুদ্ধে। মন্তব্যে নারাজ ডিএম। মালদহ: মালদহের জেলাশাসকের নির্দেশিকায় প্রতিবাদ জানিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন মালদহ মেডিকেল কলেজের চিকিৎসকরা। মালদহের জেলাশাসক মেডিকেল কলেজ ও হাসপাতালে অগণতান্ত্রিক এবং অবৈজ্ঞানিক প্রশাসনিক হস্তক্ষেপ করছেন বলে স্বাস্থ্যমন্ত্রীকে পাঠানো ইমেলে দাবি করেছে চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম। যদিও চিকিৎসার সংগঠনের অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর। বিরোধের সূত্রপাত গত ১৩ নভেম্বর মালদহের জেলাশাসকের জারি করা এক নির্দেশিকাকে কেন্দ্র করে। যে নির্দেশিকায় মালদহের চারজন ডাবলু বিসিএস আধিকারিক এবং অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য)কে নিয়মিত মালদা মেডিকেল কলেজ পরিদর্শনের নির্দেশ দেন জেলাশাসক। চারজন ডব্লিউবিসিএস আধিকারিক তথা ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নির্দিষ্ট দিনে সকালে এবং সন্ধ্যায় মেডিকেল কলেজ পরিদর্শন, সেখানকার প্রশাসনিক ব্যবস্থা দেখভাল এবং কোনওরকম অনিয়ম নজরে এলে সঙ্গে সঙ্গে অতিরিক্ত জেলাশাসকের নজরে আনার নির্দেশ দিয়েছেন। কোনওডেপুটি ম্যাজিস্ট্রেট সপ্তাহের কোন দিন মেডিকেল কলেজ নজরদারি করবেন তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে জেলা শাসকের নির্দেশিকায়। শুধু তাই নয়, সপ্তাহে একদিন করে অতিরিক্ত জেলাশাসক মেডিকেল কলেজ পরিদর্শন করবেন বলেও জেলাশাসকের নির্দেশিকায় বলা হয়েছে। জেলাশাসকের এই নির্দেশিকাতেই ক্ষোভ চিকিৎসক সংগঠনের। তাঁদের পাল্টা দাবি , মালদা মেডিকেল কলেজে বিপুল সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পদ শূণ্য পড়ে রয়েছে। পরিকাঠামোর মান যথেষ্ট নয়। এইসব গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান না করে জেলাশাসক যেভাবে ডেপুটি ম্যাজিস্ট্রেটদের মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক কাজকর্ম দেখভালের জন্য নির্দেশ দিয়েছেন তা স্বৈরতন্ত্রের সামিল। জেলাশাসক নিজের হাতে মেডিকেল কলেজের কর্তৃত্ব এবং প্রশাসনিক দায়িত্ব নিতে চাইছেন বলেও অভিযোগ তুলেছেন চিকিৎসকরা। তাঁদের আরও দাবি, স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উঁচুদরের সুপার স্পেশালিস্ট পরিষেবা। সেই কারণে এখানকার প্রশাসনিক দায়িত্ব নির্দিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষতা সম্পন্ন চিকিৎসকদের ওপরেই দেওয়া উচিত। এই ধরনের নির্দেশিকা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলেও মত চিকিৎসকদের। অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে পাঠানো অভিযোগ পত্রে। একইসঙ্গে মালদা মেডিকেল কলেজের শূন্য পদ পূরণের দাবিও করা হয়েছে। উল্লেখ্য, মালদা মেডিকেল কলেজে সম্পত্তি বেশকিছু বিষয়ে অভিযোগ প্রকাশ্যে আসে। হাসপাতালের সাফাই ব্যবস্থা, রোগীর পরিবারকে মারধর, সন্তান সম্ভবা প্রসূতিকে ফেরত পাঠানোর পর হাসপাতাল চত্বরেই বিশ্রামাগারে সন্তান প্রসব এমন বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। দুইদিন আগেও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আচমকা পরিদর্শন করেন অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) অনিরুদ্ধ নন্দী। এরপর জেলাশাসকের সরাসরি নির্দেশিকা জারি নিয়ে হইচই শুরু হয়েছে। জেলাশাসক অবশ্য এই নির্দেশিকার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। এই বিষয়ে ইংরেজবাজার বিধানসভার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের রুগী কল্যাণ সমিতির সদস্য অম্লান ভাদুড়ী বলেন, মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবা সহ নানান বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে জেলাশাসক একটা ব্যবস্থাপনার কথা ভেবেছেন। ডব্লুউবিসিএস অফিসারদের দিয়ে হাসপাতালে নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ডাক্তারদের উপর এইভাবে নজরদারি করা হয়তো ঠিক নয়। তাই জেলাশাসকের কাছে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের আবেদন জানিয়েছেন।

উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সোমবার সকালে সমাপ্তি ঘটল চার দিনব্যাপী ছট উৎসবের।

মালদা: উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সোমবার সকালে সমাপ্তি ঘটল চার দিনব্যাপী ছট উৎসবের। এদিন ভোররাত থেকেই মালদা শহরের মহানন্দা নদীর বিভিন্ন ঘাটে ভিড় জমান ছট ব্রতীরা। পুজোর ডালা সাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে নদীতে নেমে সূর্যদেবের আরাধনায় মেতে ওঠেন তাঁরা।ভোর থেকেই আলোকসজ্জায় সেজে ওঠে শহরের ছটের ঘাটগুলি। পুলিশ লাইন সংলগ্ন মহানন্দা নদীর পাড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি করা হয় ছটের ঘাট। সেখানে স্থাপন করা হয় সূর্যদেবের প্রতিমা। ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ঘাটে ধুস মাটি ছড়ানো, কাঠের পাটাতন তৈরি এবং আলোর ব্যবস্থা করা হয়।দীর্ঘক্ষণ নদীর জলে দাঁড়িয়ে ছট মায়ের আরাধনার পাশাপাশি উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন ব্রতীরা। আতশবাজির ঝলকানি ও বাদ্যযন্ত্রের শব্দে উৎসবমুখর হয়ে ওঠে মহানন্দার পাড়। সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন পুণ্যার্থীরা।



Ads







অনুসন্ধান







Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 169535