
2026-09-03 | শিক্ষা,শিরোনাম,পশ্চিমবঙ্গ, মালদা,কালিয়াচক,Viral ,খবর,রাজ্য,, | Kaliachak Sangbad | Views : 129
বর্ষার জলে জলমগ্ন কালিয়াচক গার্লস হাই স্কুল, ভোগান্তিতে ছাত্রীরা নাজমুস সাহাদাত, মালদহ: বর্ষার বৃষ্টিতে জলমগ্ন হয়ে সাময়িকভাবে ভোগান্তির মধ্যে পড়েছে কালিয়াচক শহরের ঐতিহ্যবাহী কালিয়াচক গার্লস হাই স্কুল (উঃ মা:)। বিদ্যালয় চত্বরে জল জমে যাওয়ায় ছাত্রীদের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। জল পেরিয়েই কোনওরকমে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে ছাত্রীদের। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৩১১৭ জন ছাত্রী পড়াশোনা করে। কালিয়াচক ও আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্তের বিভিন্ন এলাকা থেকে ছাত্রীরা এই বিদ্যালয়ে আসে। ফলে বর্ষার সময় বিদ্যালয় চত্বরে জল জমে যাওয়ায় প্রতিদিনই সমস্যার মুখে পড়তে হচ্ছে ছাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের আশপাশে ড্রেন থাকলেও সেই ড্রেন দিয়ে ঠিকমতো জল নিষ্কাশন হচ্ছে না। ফলে বৃষ্টির জল বের হতে না পেরে বিদ্যালয় চত্বর ও সংলগ্ন এলাকায় জমে থাকছে। দীর্ঘক্ষণ জল জমে থাকায় ছাত্রীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শুধু যাতায়াতেই সমস্যা নয়, জল জমার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। পরিস্থিতির জেরে ছাত্রীদের প্রার্থনাও বারান্দায় করতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। একইসঙ্গে মিড-ডে মিল রান্নার ক্ষেত্রেও সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন বলেন, “বর্ষার সময় জল জমে যাওয়ায় ছাত্রীদের চলাচলে যথেষ্ট সমস্যা হচ্ছে। এমনকি প্রার্থনাও বারান্দায় করতে হচ্ছে। মিড-ডে মিল রান্নার ক্ষেত্রেও সমস্যার উপক্রম হয়েছে। বিষয়টি অবর বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে।” অন্যদিকে, জল নিষ্কাশনের সমস্যা নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জাসমিন খাতুন বলেন, এদিকে জল জমার সমস্যা নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জাসমিন খাতুন জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি বলেন, “আমরা কাজ করতে চাইলেও পঞ্চায়েতের বেশ কিছু সদস্যের বিরোধিতার কারণে কাজ করতে পারছি না। তাঁরা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছেন। ফলে উন্নয়নমূলক কাজ থেকে আমাদের পিছিয়ে যেতে হচ্ছে। আমরা উন্নয়নের পক্ষে এবং সমস্যার দ্রুত সমাধান চাই। বিষয়টি সমাধানের জন্য দ্রুত কাজ করার চেষ্টা করব।” এদিকে, গুরুত্বপূর্ণ এই বিদ্যালয়ে প্রতিদিন হাজার হাজার ছাত্রীর যাতায়াতের কথা মাথায় রেখে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি ছাত্রী ও অভিভাবকদেরও দাবি, বর্ষার মরশুমে যাতে জল জমে নতুন করে ভোগান্তি তৈরি না হয়, তার জন্য স্থায়ীভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। বিজেপি নেতা অভিরাজ চৌধুরী বলেন, “স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের কাছ থেকে জল জমার সমস্যার খবর পেয়ে বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে। আপাতত দুটি পাম্পের মাধ্যমে জল সরানোর ব্যবস্থা করা হচ্ছে এবং বৃষ্টি থামলে ড্রেন পরিষ্কার করা হবে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য রাস্তা কেটে দুই থেকে আড়াই ফুট চওড়া পাইপ বসিয়ে জল নিষ্কাশনের পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা না হয়।”
