
2026-11-18 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 5
পুরাতন মালদা- রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে এবার সরাসরি ময়দানে নামল রাজ্য সরকার। রেশন উপভোক্তারা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সামগ্রী পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে বুধবার মালদায় আচমকা পরিদর্শনে এলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।বুধবার সকালে জেলা খাদ্য দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের খেজুরিয়া আদিবাসী অধ্যুষিত গ্রামে পৌঁছান তিনি। সেখানে গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন মন্ত্রী। রেশন দোকান থেকে সরবরাহ করা চালের গুণগত মান, পরিমাণ এবং রেশন কার্ডের শ্রেণি অনুযায়ী নির্ধারিত খাদ্যসামগ্রী মিলছে কি না, তা জানতে চান। পাশাপাশি পুজোর মরশুমে রাজ্য সরকারের উদ্যোগে অর্ধেক দামে দেওয়া চিনি, সুজি ও ময়দা উপভোক্তারা ঠিকমতো পাচ্ছেন কি না, সেই বিষয়েও খোঁজ নেন। পরিদর্শন চলাকালীন সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি খাদ্য দপ্তরের আধিকারিকদেরও প্রয়োজনীয় নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রেশন ব্যবস্থায় কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতির সঙ্গে কেউ যুক্ত থাকলে তাঁকে কোনওভাবেই রেয়াত করা হবে না।অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপও করা হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।
