
2026-11-17 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 4
শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বাড়ির সামনের রাস্তার পাশ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, ছাদ থেকে পড়ে মৃত্যু নাকি খুন, মালদায় যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য মালদা: শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। সোমবার রাত প্রায় ১১টা নাগাদ ইংরেজবাজারের রায়পুর এলাকায় শ্বশুরবাড়ির পাশের রাস্তা থেকে উদ্ধার হয় পিন্টু মণ্ডল (৩১) নামে ওই যুবকের দেহ। তাঁর বাড়ি যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায়। পেশায় রংমিস্ত্রি পিন্টুর মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রাথমিকভাবে শ্বশুরবাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা পরিবারের। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পিন্টুর স্ত্রী সন্ধ্যা মণ্ডল (২৭) বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তাঁদের ছয় বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। স্বামীর এমন আকস্মিক মৃত্যুতে কার্যত দিশেহারা পরিবার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
