
2026-05-08 | মালদা,পশ্চিমবঙ্গ,শিক্ষা,মিশন সংবাদ,মাধ্যামিক , | Kaliachak Sangbad | Views : 339
মাধ্যমিক ২০২৬-এর ফল প্রকাশে ফের গর্বে ভাসল মালদহের কালিয়াচক। রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করে নজর কাড়ল কালিয়াচক থানার অন্তর্গত সাহাবাজপুর এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট পয়েন্ট (আর) স্কুলের কৃতি ছাত্র সাহিদ আলাম। তাঁর এই সাফল্যে পরিবার, স্কুল এবং গোটা এলাকাজুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। জানা গেছে, এবছর স্কুল থেকে মোট ২৩৩ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যেই অসাধারণ ফল করে রাজ্যের প্রথম দশে জায়গা করে নিল সাহিদ আলাম। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র হিসেবে পরিচিত ছিল সে। পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে দীর্ঘ ছয় বছরের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফলস্বরূপ দশম শ্রেণীর পরীক্ষায় এই অভাবনীয় সাফল্য অর্জন করল সাহিদ। সাহিদের বাড়ি কালিয়াচকের উত্তর দরিয়াপুর এলাকায়। তাঁর পিতা মুহাম্মদ কালিমুদ্দিন পেশায় একজন রেশন ডিলার। সাধারণ পরিবারের সন্তান হয়েও নিজের লক্ষ্য থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হয়নি সাহিদ। পরিবারের আর্থিক ও মানসিক সমর্থনের পাশাপাশি শিক্ষকদের দিকনির্দেশনাও তাকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছে। ফল প্রকাশের পর স্কুলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষিকারা কৃতি ছাত্রকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সাহিদের এই সাফল্য আগামী দিনে অন্যান্য ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে। স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন বলেন, “সাহিদ অত্যন্ত শান্ত, ভদ্র এবং অধ্যবসায়ী ছাত্র। নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাসই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।” অন্যদিকে, সাহিদের এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারও। বাবা মুহাম্মদ কালিমুদ্দিন জানান, ছেলে ছোট থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিল। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করুক, সেই কামনাই করছেন তিনি। এলাকাবাসীরাও সাহিদকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। অনেকেই মনে করছেন, গ্রামাঞ্চল থেকেও যে কঠোর পরিশ্রম ও ইচ্ছাশক্তির মাধ্যমে রাজ্যস্তরে সাফল্য অর্জন করা সম্ভব, তার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে সাহিদ আলাম।