
2026-11-18 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 4
মালদা : শিখদের নবম গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগ, বীরত্ব ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে মালদায় পালিত হল তাঁর ৩৫০তম বলিদান দিবস। বুধবার সকালে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে মালদার বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।জানা গিয়েছে, দেশজুড়ে মোট ২২০টি বিদ্যালয়ে এই দিবস পালন করা হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ২৪টি এবং মালদা জেলার দুটি বিদ্যালয় রয়েছে। মালদার বিদ্যালয় দুটির মধ্যে রয়েছে পঞ্চানন্দপুর হাইস্কুল ও বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয়। এদিন রাষ্ট্রগীত ও বন্দেমাতরম পরিবেশন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি, জেলাশাসক রাজনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ নন্দী, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বিষ্ণুপদ রায়, মালদা গুরুদুয়ারার সাধারণ সম্পাদক গুরমিত সিং এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ ঝা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা গুরু তেগ বাহাদুরের জীবনসংগ্রাম, ধর্মীয় স্বাধীনতা রক্ষায় তাঁর অবদান এবং আত্মত্যাগের ইতিহাস পড়ুয়াদের সামনে তুলে ধরেন। তাঁর আদর্শ ও সাহসিকতার কথা স্মরণ করে দেশপ্রেম, মানবতা ও আত্মত্যাগের শিক্ষায় অনুপ্রাণিত হওয়ার বার্তা দেন তাঁরা। পাশাপাশি ছাত্রীদের নিয়ে কুইজ ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
