
2026-04-01 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1375
ভোটার তালিকা থেকে নাম বাদ, সুজাপুরে জাতীয় সড়ক ১২ অবরোধে তীব্র বিক্ষোভ কালিয়াচক : মালদার সুজাপুর বিধানসভার অন্তর্গত কালিয়াচক ১ ব্লকের সুজাপুর এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বুধবার এলাকাবাসীরা জাতীয় সড়ক ১২ অবরোধ করে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় ভারতীয় নথিপত্র থাকা সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে ২০০২ সাল থেকে ভোট দিয়ে আসা ব্যক্তিদের নামও তালিকায় নেই বলে দাবি তাঁদের। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী হেয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় নথি জমা দেওয়া হলেও কেন নাম বাদ পড়ল, সে বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে পুরুষ ও মহিলা নির্বিশেষে রাস্তায় নেমে জাতীয় সড়ক অবরোধ করেন। এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, যতদিন না বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে। প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথাও জানান তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াচক থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।