
2026-07-23 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 6
মালদার বৈষ্ণবনগরে সহকর্মীর গুলিতে নিহত ২ বিএসএফ জওয়ান, গুরুতর আহত ১ মালদা: মালদার বৈষ্ণবনগরে বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নিহত ও আহত তিনজনই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য। অভিযুক্ত জওয়ান ১১৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরে অবস্থিত বিএসএফের ১১৯ নম্বর ও ৭১ নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টার এলাকায়। অভিযোগ, অভিযুক্ত জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান। নিহত দুই জওয়ান হলেন অজয় কুমার সিং (৫১)। তাঁর বাড়ি বিহারের ছাপরা জেলার মানঝি এলাকায়। অপর নিহত জওয়ান আম্বদর সুরেশ দরগু (৩৭)। তাঁর বাড়ি মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায়। গুরুতর আহত জওয়ানের নাম বিকাশ ব্রহ্ম (৪৪)। তাঁর বাড়ি হুগলি জেলার কোলবা থানার মহানন্দা গ্রামে। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর গোটা বিএসএফ ক্যাম্পে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিএসএফের পক্ষ থেকেও ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
