
2026-07-23 | Viral ,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 9
জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি খতিয়ে দেখতে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখায় বৃহস্পতিবার তল্লাশি চালায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তদন্তকারী দল দীর্ঘ সময় ধরে রেজিস্টার, সরকারি নথি এবং ডিজিটাল তথ্যভান্ডার খতিয়ে দেখে।পাশাপাশি দফতরের কর্মীদের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। পুলিশ সূত্রের দাবি, জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথিতে কোনও অসঙ্গতি বা অনিয়ম রয়েছে কি না, তা যাচাই করতেই এই অভিযান। রেজিস্টারের তথ্য ও ডিজিটাল রেকর্ডের মধ্যে কোনও গরমিল আছে কি না, সেটিও পরীক্ষা করা হচ্ছে। বিজেপি নেতা অতনু সাঁতরা দাবি করেছেন, এসআইআর (SIR)-এর জন্য জমা দেওয়া তথ্য যাচাইয়ের অংশ হিসেবেই এই প্রক্রিয়া চলছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার পুরসভার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশও জানিয়েছে, তদন্ত চলায় এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। প্রশাসনের বক্তব্য, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সমস্ত নথি যাচাইয়ের পরই প্রকৃত চিত্র স্পষ্ট হবে। কোথাও অনিয়ম বা তথ্যগত গরমিল ধরা পড়লে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
