
2026-11-12 | পশ্চিমবঙ্গ, মালদা,অন্য ,Viral ,রাজ্য, | Kaliachak Sangbad | Views : 30
পুরাতন মালদা- ছটপুজো উপলক্ষে ছটব্রতীদের মধ্যে গম বণ্টনকে কেন্দ্র করে পুরাতন মালদা পৌরসভায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গমের পরিমাণ কম দেওয়া নিয়ে সরব হয়েছেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ। তাঁর অভিযোগ, ৯ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি সংখ্যক ছটব্রতী থাকা সত্ত্বেও এ বছর তুলনামূলকভাবে কম গম দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ।অন্যদিকে, প্রাক্তন চেয়ারম্যানের অভিযোগ খারিজ করে পাল্টা বক্তব্য দিয়েছেন পুরাতন মালদা পৌরসভার বর্তমান চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। তাঁর দাবি, ৯ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ছটব্রতী রয়েছেন, এই দাবি সঠিক নয়। ওই ওয়ার্ডে ছটপুজোয় অংশগ্রহণকারী ব্রতীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় গমের পরিমাণ কিছুটা কমানো হয়েছে। পাশাপাশি প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, আগে বেশি পরিমাণ গম নিয়ে ছটপুজোয় অংশগ্রহণ করেন না, এমন ব্যক্তিদের মধ্যেও তা বিলি করা হতো।এদিকে, এই দুই চেয়ারম্যানের মধ্যে গম বণ্টন নিয়ে চাপানউতোরকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। বিজেপির যুবনেতা সোমনাথ প্রসাদএর কটাক্ষ, দু'পক্ষই এক টাকার কয়েনের ভাগ নিয়ে ব্যস্ত। ছটব্রতীদের প্রকৃত সুবিধা দেওয়ার বিষয়টি ছেড়ে নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়েই ব্যস্ত তাঁরা।সব মিলিয়ে ছটপুজোর গম বণ্টনকে কেন্দ্র করে পুরাতন মালদায় প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের বাকযুদ্ধ এবং বিজেপির কটাক্ষে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
