
2026-04-08 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 341
মালদা:বুধবার সকালে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইংরেজবাজার পুরসভার ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডে জোরকদমে নির্বাচনী প্রচার চালান বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী। মাধবনগর, বিশ্বনাথ মোড়, রামনগর কাচারী, দুই নম্বর গভমেন্ট কলোনি-সহ একাধিক এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগে নামেন তিনি। সকাল ৯টা নাগাদ এক নম্বর ওয়ার্ডের জগদীশপুর এলাকা থেকে মিছিলের মাধ্যমে প্রচার শুরু হয়। এরপর বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমর্থন চান। প্রচারের সময় উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরে ভোট প্রার্থনা করেন অম্লান ভাদুড়ী। তিনি জানান, নির্বাচিত হলে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, শহরের যানজট সমস্যা নিরসন এবং আরও একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বিজেপি প্রার্থীর এই প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকায় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।