

2026-03-26 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 378
মালদার কালিয়াচক-১ ব্লকের ৫৩ নম্বর সুজাপুর বিধানসভা কেন্দ্রের সিলামপুর-১ গ্রাম পঞ্চায়েতের মহালদারপাড়া এলাকায় ভোটার তালিকা নিয়ে চরম উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার ৩ নম্বর বুথে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ অনুযায়ী, ওই বুথে মোট ৯৯৩ জন ভোটারের মধ্যে ৫২২ জনের নাম ‘আন্ডার অ্যান্ড জুডিকেশন’-এ ছিল। পরবর্তীতে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় সেই তালিকা থেকে ৪২৭ জনের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এত বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা কালিয়াচক-মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। যদিও প্রশাসন পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এলাকার মহিলাদের অভিযোগ, প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও পরিবারের একাধিক সদস্যের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কোথাও মেয়ের নাম থাকলেও ছেলের নাম নেই, আবার কোথাও বাবার নাম মুছে যাওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, “আগে ভোটার তালিকা ঠিক করতে হবে, তারপর ভোট।” এমনকি পরিস্থিতির পরিবর্তন না হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। এলাকাবাসীর একটাই দাবি সঠিকভাবে ভোটার তালিকা সংশোধন করে সকলের নাম অন্তর্ভুক্ত করা হোক, তারপরই তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেবেন।
