2025-01-31 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 94
মালদা:- মালদা জেলা জুড়ে একের পর এক ঘটনা, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সারা রাজ্য জুড়ে। এবার নিরাপত্তার উপরে বিশেষ নজর দিচ্ছে মালদা জেলা পুলিশ। এতদিন পুলিশ পেট্রোলিং ভ্যানে করেই জেলার বিভিন্ন জায়গায় চলতো পুলিশি টহলদারি। অলিতে গলিতে প্রবেশ করতে সমস্যা হতো পেট্রোলিং ভ্যানের। এবার এই সমস্যার সমাধান খুঁজে বের করেছে জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। গুরুত্বপূর্ণ এলাকা গুলিতে নজরদারির জন্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছে ইলেকট্রিক বাইসাইকেল। যে সাইকেলে চেপেই এবার নজরদারি চালাবেন পুলিশকর্তারা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই গাজোল থানায় এসে পৌঁছেছে চারটি ইলেকট্রিক বাইসাইকেল। সেই বাইসাইকেলে করেই একজন পুলিশ কর্তার সাথে তিনজন সিভিক কর্মী টহলদারি চালাচ্ছে বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাইসাইকেলে করেই সারাদিন ও সারারাত বিভিন্ন এলাকায় চলবে নজরদারি। প্রথমে বিভিন্ন স্কুল এবং অফিস এলাকায় টহলদারি চালাবেন পুলিশকর্মীরা। রাতে বিভিন্ন এলাকায় ঘুরবে এই সাইকেল। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাইসাইকেল একবার চার্জ দিলে চলবে সারাদিন। ঘুরবে বিভিন্ন অলিতে গলিতে যার ফলে সুবিধা হবে নজরদারিতে।
