2025-01-23 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 56
আজ ২৩ শে জানুয়ারি দিনটি ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসেবে পালন করা হয়। ১৮৯৭ সালের এই দিনে তিনি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সুভাষ চন্দ্র বসু ছিলেন মেধাবী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ। প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শেষে তিনি ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে বিদেশি সরকারের অধীনে কাজ করা তাঁর আদর্শের বিরুদ্ধে ছিল। তিনি সেই চাকরি ত্যাগ করেন এবং নিজেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য উৎসর্গ করেন। তাই সারা ভারতবর্ষের পাশাপাশি দুবরাজপুরেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়। এদিন সকালে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত সাতকেন্দুরি এলাকার শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তারপর সাতকেন্দুরি মোড়ে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে নেতাজীর মূর্তিতে মাল্যদান করে তাঁকে সম্মান জানান দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, সনাতন পাল, মানিক মুখার্জি, ভাস্কর রুজ, বিশিষ্ট আইনজীবী স্বরুপ আচার্য, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী গুরুপদ দাস, সেখ নিজাম উদ্দিন সহ পৌরসভার কর্মী এবং শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা।
