

2026-06-08 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 11
মালদা: আসন্ন রামকেলি মেলা নিয়ে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক বৈঠক। আগামী ১৪ জুন থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক রামকেলি মেলা। শ্রীচৈতন্য দেবের চরণচুম্বিত ঐতিহাসিক গৌড়ে অনুষ্ঠিত হবে রামকেলি মেলা। ৫১২ বছর আগে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্যদেব। কথিত রয়েছে সেখানে কেলি কদম্ব বৃক্ষের নিচে বসে রূপ ও সনাতন গোস্বামীকে দীক্ষিত করেছিলেন তিনি। এরপর থেকেই প্রতিবছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা। জেলা, ভিন জেলা, ভিন রাজ্য, এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত ছুটে আসেন এই মেলায়। গুপ্ত বৃন্দাবন বলেও পরিচিত এই রামকেলি ধাম।জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। তা নিয়ে মূলত আজকেই বৈঠক । উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক রাজেনবীর সিং কাপুর,পুলিশ সুপার অনুপম সিং, এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি,মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল, সহ ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ, চৌধুরী,মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জল সাহা সহ প্রশাসনিক আধিকারিক রা।
