2024-11-12 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 376
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটার পরে সকলে অপেক্ষায় থাকেন আরও এক বড় উৎসব- জগদ্ধাত্রী পুজোর। দেবী জগদ্ধাত্রীকে মনে করা হয় জগতের পালিকা শক্তি। দেবী চতুর্ভূজা। তাই আজ দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত লালবাজারের ভারতমাতা সংঘের জগদ্ধাত্রী পুজো সাড়ম্বরে পালন করা হয়। এবছর এই পুজো ২৮ বছরে পদার্পণ করল। দুবরাজপুর শহরে একমাত্র এখানেই হয় জগদ্ধাত্রী পুজো। দেবী জগদ্ধাত্রীকে ভারতমাতা রূপে এখানে পুজো করা হয়। এখানে মায়ের এক হাতে থাকে ভারতের জাতীয় পতাকা। এক দিনেই সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো হয়ে থাকে। এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন এলাকার মানুষজন। এবছর প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বাজেটের এই পুজো। নতুন মন্দির হবে বলে পুরনো মন্দির ভেঙ্গে ফেলা হয়েছে। আর সে কারণেই এবছর পুজো উদ্যোক্তারা থিম তৈরি করে প্যান্ডেলে পুজো করছেন। অষ্টমীতে চাল কুমড়ো ও আখ বলিদানের প্রথা রয়েছে। তবে বলিদানের পরই শুরু হয় জয়তারা উৎসব। এই সময়ে পাড়ার যুবকরা বিভিন্ন অস্ত্র নিয়ে মিছিল করে জয়তারা উৎসবে মেতে ওঠে। পুজো উপলক্ষে হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বিসর্জনের দিন বাদ্যযন্ত্র সহকারে প্রতিমা সহ গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করানো হয়।
