
2026-05-11 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,শিরোনাম,মাধ্যামিক , | Kaliachak Sangbad | Views : 358
এম নাজমুস সাহাদাত, মালদহ: মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা দুই কৃতি ছাত্রীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানালেন মোথাবাড়ি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক নজরুল ইসলাম। সোমবার কালিয়াচক-২ ব্লকের বিভিন্ন এলাকায় গিয়ে তিনি ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হাসিমুদ্দিন আহমেদ, ফারুক আব্দুল্লাহ সহ অন্যান্যরা। এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৭৩ নম্বর পেয়ে কালিয়াচক-২ ব্লকে প্রথম স্থান অধিকার করেছে ত্রেয়শী সরকার। সে মোথাবাড়ি হাই স্কুলের ছাত্রী। তার বাড়ি মেহেরাপুর ঠাকুরপাড়া গ্রামে। বাবা নির্মল চন্দ্র সরকার ও মা অর্চনা মন্ডলের মেয়ে ত্রেয়শী ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ত্রেয়শী জানায়, ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে তার। মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই সে এগিয়ে যেতে চায়। অন্যদিকে, হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় ৭৬৩ নম্বর পেয়ে এলাকায় নজর কেড়েছে বাবলা মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মাহাবুবা খাতুন। আইডিয়াল হাই মাদ্রাসার এই ছাত্রী অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে নিজের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। তার বাবা দিনমজুর হিসেবে কাজ করেন। মাহাবুবা জানায়, সেও আগামী দিনে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হতে চায়। মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবামূলক কাজ করার ইচ্ছা রয়েছে তার। পরিবারের বড় বোন বর্তমানে শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করছেন। এদিন দুই কৃতি ছাত্রীর বাড়িতে গিয়ে ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক নজরুল ইসলাম। ছাত্রছাত্রীদের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও খোঁজ নেন তিনি। বিধায়ক নজরুল ইসলাম বলেন, “গ্রামের সাধারণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে উঠে এসে এই ধরনের সাফল্য অর্জন সত্যিই গর্বের বিষয়। এই ছাত্রছাত্রীরাই আগামী দিনের সমাজের সম্পদ। ওদের এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা এলে আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব।” তিনি আরও বলেন, “শিক্ষাই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। আর্থিক অসুবিধার কারণে যেন কোনো মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ না হয়, সেই বিষয়ে আমরা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সহযোগিতা করার চেষ্টা করব।” বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, ত্রেয়শী ও মাহাবুবা দুজনেই অত্যন্ত পরিশ্রমী, ভদ্র ও মেধাবী ছাত্রী। নিয়মিত অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের জোরেই তারা এই সাফল্য অর্জন করেছে। দুই ছাত্রীর এই কৃতিত্বে গর্বিত গোটা মোথাবাড়ি এলাকা। তাঁদের সাফল্য আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছেও এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।