2024-10-23 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 392
ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভা এলাকায় টোটো চলাচলের ক্ষেত্রে রাস টানতে চলেছে প্রশাসন। মালদার দুই পুরসভা এলাকার টোটো ছাড়া বাইরের টোটো শহরে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও কড়া সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক করে এব্যাপারে মালদা জেলা টোটো সংগঠনগুলিকে পরিস্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও প্রশাসনের এই নির্দেশ মানতে নারাজ টোটো চালকদের সংগঠন মালদা জেলা ড্রাইভারস্ এন্ড অপারেটর্স ইউনিয়ন। এদিন দুপুরে জেলা প্রশাসনিক ভবনে দুই পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষের উপস্থিতিতে জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা আরটিও আধিকারিক সুরোজ কুমার দাস সহ পদস্থ কর্তারা একটি বৈঠক করেন। সেখানে জেলার সর্ববৃহৎ টোটো চালকদের ওই সংগঠনকেও আহ্বান জানানো হয়। আর এই বৈঠকেই প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দুই পুরসভা এলাকায় আশেপাশের গ্রামীণ এলাকা থেকে আসা কোন টোটোকেই প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি দুই পুরসভা এলাকার টোটো চালকদের যাত্রী নিয়ে চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট একটি রুট বেঁধে দেওয়া হবে।
