Saturday 19 September




উত্তর ২৪ পরগনা

সুন্দরবনের মেধাবী ছাত্রী সেলিমাকে মানবতার সংবর্ধনা শিক্ষাসহায়তায় ৫ হাজার টাকার চেক, পাশে থাকার আশ্বাস

2026-09-07

বাইজিদ মন্ডল দক্ষিণ ২৪ পরগনা:- আর্থিক প্রতিকূলতাকে পেরিয়ে পড়াশোনায় এগিয়ে চলা সুন্দরবনের মেধাবী ছাত্রী সেলিমা মোল্যাকে সংবর্ধনা দিল সামাজিক সংগঠন ‘মানবতা’। পাশাপাশি তাঁর শিক্ষাজীবনে সহযোগিতার জন্য হাতে তুলে দেওয়া হয় ৫,০০০ টাকার শিক্ষাসহায়তার চেক। বাসন্তী থানার ১ নম্বর আমঝাড়া গ্রামের বাসিন্দা সেলিমা বর্তমানে ফুলমালঞ্চ ঋতু ভকত হাই স্কুল (উঃ মাঃ)-এর নবম শ্রেণির ছাত্রী। দরিদ্র পরিবারের মেয়ে সেলিমার বাবা সেলিম মোল্যা আর্থিকভাবে অসচ্ছল এবং মা রেহেনা মোল্যা গৃহকর্মী। দুই ভাই ও দুই বোনকে নিয়ে অভাবের সংসার হলেও পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ অটুট। সম্প্রতি ‘২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের AI-এর ভূমিকা’ বিষয়ের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের পরিচয় দেয় সেলিমা। তাঁর এই সাফল্যকে সম্মান জানিয়ে ‘মানবতা’-র পক্ষ থেকে প্রদান করা হয় ‘মানবতা সম্মাননা’। সংবর্ধনা অনুষ্ঠানে উত্তরীয়, ব্যাজ, বই, স্মৃতিস্মারক ও সম্মাননা মানপত্রের পাশাপাশি ৫ হাজার টাকার চেক তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা। জুলফিকার আলী পিয়াদা জানান, প্রত্যন্ত এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের প্রতিভা যেন অর্থের অভাবে থেমে না যায়, সেটাই সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও সেলিমার পড়াশোনায় আর্থিক সমস্যা হলে সাধ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতা সংস্থার সদস্য সুজাউদ্দিন লস্কর, রোহান আক্তার, বাপন মোল্লা, জিয়াউল কাজী ও শাকিলুর হোসেন পিয়াদা। উপস্থিত সদস্যরা সেলিমার সাফল্যের প্রশংসা করে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজাউদ্দিন লস্কর। সেলিমার এই সম্মাননা ও শিক্ষাসহায়তা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার অন্যান্য মেধাবী শিক্ষার্থীদেরও প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

জাতীয় শোতোকান কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলার দুর্দান্ত সাফল্য, ২৩ প্রতিযোগীর ঝুলিতে ৪৬ পদক

2026-09-07

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:- গার্ডেনরিচ কারাতে একাডেমির উদ্যোগে এবং মডার্ন শোতোকান কারাতে একাডেমি অফ ইন্ডিয়ার সহযোগিতায় খিদিরপুরের সাউথ ইস্টার্ন রেলওয়ে কলোনির ইনডোর হলে অনুষ্ঠিত হল জাতীয় স্তরের “পঞ্চম শোতোকান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬”। প্রায় ৪০০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার সূচনা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ক্রীড়াবিদ ও গুণীজন। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমা থেকে ইন্ডিয়ান ফেডারেশন অফ ট্র্যাডিশনাল শোতোকান কারাতের পক্ষ থেকে মোট ২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে তাঁরা বাংলার জন্য মোট ৪৬টি পদক অর্জন করেন। এর মধ্যে রয়েছে ১৫টি স্বর্ণ, ৮টি রৌপ্য এবং ২৩টি ব্রোঞ্জ পদক। দলের ২৩ জন প্রতিযোগীর মধ্যে ছিলেন ১২ জন মহিলা এবং ১১ জন পুরুষ। প্রতিযোগিতার প্রস্তুতির জন্য প্রায় তিন মাস ধরে কঠোর অনুশীলন করেন তাঁরা। দলের প্রশিক্ষক সেন্সেই মৃণাল ঘোষ জানান, প্রবল বর্ষণের মধ্যেও খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন চালিয়ে গিয়েছেন। সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে তাঁরা নিজেদের লক্ষ্যে এগিয়ে গিয়েছেন। এই সাফল্য বাংলার সমস্ত মানুষকে উৎসর্গ করার পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি পদক অর্জন এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলার হয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীরা হলেন— প্রকৃতি গায়েন, স্বপ্না সরদার, পৌলমী ভট্টাচার্য, নাফসিন পাইক, শুভমিতা মণ্ডল, মোহনা নেশা, সুচরিতা চক্রবর্তী, রাশি চক্রবর্তী, প্রিয়াংশি পণ্ডিত, ঋতিশা চক্রবর্তী, চয়নিকা পাইক, রিমি ভূঁইয়া, দ্বীপ সর্দার, শিবম রায়, ময়ূখ হালদার, ইঞ্জামুল নাইয়া, আদিল আহমেদ লস্কর, কুশান মণ্ডল, প্রদীপ মণ্ডল, ঋতম ভান্ডারি, ওহিদ শেখ, সায়ন পাত্র এবং মো. শামীম খান। দলের অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সহকারী ও টিম ম্যানেজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেম্পাই সৌমাদীপ ঘোষাল। সেন্সেই মৃণাল ঘোষ আরও জানান, কোনও সরকারি বা বেসরকারি সহযোগিতা ছাড়াই একাডেমির নিজস্ব প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। ভবিষ্যতে সহযোগিতা পেলে দল আরও ভালো ফলাফল করবে বলে আশাবাদী তিনি। প্রতিযোগিতার মূল উদ্যোক্তা সেন্সেই মো. মোক্তার বাংলার দলের এই সাফল্যের প্রশংসা করেন এবং আগামী দিনে আরও উন্নতির জন্য শুভেচ্ছা জানান।

দেউলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির,প্রথম জন্মদিনে জনকল্যাণমূলক উদ্যোগে হাজির জি.আর.পি ও উস্থি থানার ওসি!*

2026-09-06

*দেউলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির,প্রথম জন্মদিনে জনকল্যাণমূলক উদ্যোগে হাজির জি.আর.পি ও উস্থি থানার ওসি!* প্রিয় জারিনের প্রথম শুভ জন্মদিন উপলক্ষে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেউলায় আয়োজন করা হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। দেউলা ১ নম্বর স্টেশনের পিছনে লালটু মিদ্দের নিজ বাসভবনে এই শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসক ডাঃ মেজবা উদ্দিনের বিশেষ সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার বহু সাধারণ মানুষ পরিষেবা গ্রহণ করেন। শিবিরে এক শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। চোখের সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উস্থি থানার ওসি রাহুল কুমার, ডায়মন্ড হারবার জিআরপি থানার ওসি সুমন ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, সাংবাদিক শুভেন্দু ঘোষ, ভয়েস মডেল মিশন স্কুলের কর্ণধার নাজমুল হাসান মণ্ডল, ‘সবার খবর’ পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক কিংশুক ভট্টাচার্য, সাউথ সেন্ট্রাল ন্যাশনাল কেজি স্কুলের কর্ণধার পৃথ্বীশ সামন্ত এবং সিপিডিআরএস ইন্ডিয়ার বিপ্লব ঘোষ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের পক্ষ থেকে সফিউদ্দিন (লাল্টু) মিদ্দে জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। জন্মদিনের আনন্দকে শুধুমাত্র ব্যক্তিগত উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের মানুষের জন্য কাজে লাগানোর এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত সকলেই। ডায়মন্ড হারবার জিআরপি থানার ওসি সুমন ঘোষ উদ্যোক্তা লাল্টু মিদ্দেকে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি এলাকার সাধারণ মানুষকে ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য পরিষেবা কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিষেবা গ্রহণের আহ্বান জানান। মানুষের সুস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে এই উদ্যোগ এলাকায় বিশেষ প্রশংসা কুড়িয়েছে।

মহিলা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন ৩১ আগস্ট, সরিষায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন এ উপস্থিত রাজ্যপাল

2026-08-31

দক্ষিণ ২৪ পরগনার সরিষায় অবস্থিত মহিলা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে বিশেষ আয়োজন করা হয়। ৩১ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। সরিষা-ডায়মন্ড হারবার রোডে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবর্তনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ পর্যায় সফলভাবে সম্পন্ন করা পড়ুয়াদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি ও সম্মাননা প্রদানের উদ্দেশ্যেই এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন হওয়ায় পড়ুয়া, শিক্ষক, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি সভাপতিত্ব করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সৈয়দুর রহমান-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে ডিগ্রি ও সম্মাননা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো তথ্য অনুযায়ী, প্রায় ৩,৫০০ ছাত্রছাত্রীর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের আনুষ্ঠানিক স্বীকৃতি এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ। একজন শিক্ষার্থীর কাছে সমাবর্তন শুধুমাত্র ডিগ্রি গ্রহণের অনুষ্ঠান নয়—দীর্ঘদিনের পড়াশোনা, পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন পূরণের একটি স্মরণীয় মুহূর্ত। তাই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল শিক্ষার্থীদের জীবনে শিক্ষা, নৈতিকতা ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি তাঁদের ভবিষ্যৎ জীবনে দেশের ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দিনটিকে স্মরণীয় করে তুলতে বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। শিক্ষক, আধিকারিক, পড়ুয়া ও অভিভাবকদের উপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরিকাঠামোগত অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়।

পরিবেশ ভারসাম্য রক্ষা ও সবুজয়েনের লক্ষ্যে রাজারহাট নলেজ সিটিতে ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির জমজমাট সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হয়

2026-07-11

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:- দক্ষিন চব্বিশ পরগনা জেলার রাজার হাট নলেজ সিটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে,আয়োজিত ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুর রব। এদিন গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে জমজমাট সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী পরিচালিত এই সবুজায়ন উদ্যোগের সফল সমাপ্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।পরিবেশের বার্তা ছড়িয়ে শেষ হলো শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি। "একটি গাছ, একটি প্রাণ" এবং সরকারের ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি স্লোগানকে সামনে রেখে একটি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিপাক্ষিক ব্যাপী পরিচালিত ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির জমজমাট সমাপ্তি অনুষ্ঠান। গতকাল প্রতিষ্ঠান প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে বনায়নের প্রয়োজনীয়তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুর রব। সমাপ্তি অনুষ্ঠানের শুরুতে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা সাধারণ মানুষকে গাছ লাগানোর আহ্বান জানায়। সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাতগাছিয়া বিধানসভার বিধায়ক অগ্নিশ্বর নস্কর,উক্ত কলেজের প্রিন্সিপাল সুব্রত ঘোষ, সাদিকুর রহমান ও আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। এছাড়াও এদিন নলেজ সিটিতে ইমারজেন্সি হাসপাতাল পরিদর্শন করে বিধায়ক অগ্নিশ্বর নস্কর তিনি জানান, এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে,এখানে এসে খুব ভালো লাগছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের আরও ভালো পরিকাঠামো গড়ে তুলতে কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে বললে, অবশ্যই সরকারের পক্ষ থেকে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন। আব্দুর রব তিনি আরও বলেন, নলেজ সিটির পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ফ্রিতে চিকিৎসা দেওয়ার সুব্যবস্থা করা হয়েছে। উপস্থিত বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণকৃত প্রতিটি চারার টেকসই পরিচর্যা নিশ্চিত করতে হবে। জলবায়ু সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের ওপর ভিত্তি করে শিক্ষার্থীরা কয়েকটি বিশেষ সচেতনতা মূলক গান পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে।


Releted News


Ads





Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 156988